যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানা এলাকায়। রাতভর নিখোঁজ থাকার পর ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। আউশগ্রামের ভেদিয়ায় রেলসেতুর নীচে উদ্ধার হয় ওই যুবকের রক্তাক্ত দেহ। পুলিশ জানায় নিহতের নাম নাসিরুল শাহ(২৬)। নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে নাসিরুলের অবৈধ সম্পর্ক ছিল। দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে গিয়েছিল। অশান্তিও চলছিল।
নাসিরুলের স্ত্রী বারবার তাঁকে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে সরে আসার কথা বলেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি ওই যুবক। নিহতের বাবা মুনাই শেখ সাংবাদিককে বলেন, "আমার ছেলে এক বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল বলে শুনেছি। এই নিয়ে আমার পুত্রবধূর সঙ্গে ছেলের অশান্তি হত। ওই সম্পর্ক থেকে সরে আসতে বললেও ছেলে শোনেনি।" মৃত ওই যুবকের দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে বলে পুলিশ সূত্রে খবর।
নাসিরুলকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই যুবককে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে। মৃত দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়ার কারণেই যুবকের এই পরিণতি নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Post a Comment